চট্টগ্রাম বন্দরের দুটি গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা সাইফ পাওয়ারটেক লিমিটেডের হাতে এখন অবশিষ্ট রয়েছে একটি। নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার দায়িত্ব হারানোর পর এবার চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) দায়িত্বও ছাড়তে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। সোমবার সিসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়ায় আপাতত আরও তিন সপ্তাহ টার্মিনালটি পরিচালনার সুযোগ পাচ্ছে সাইফ পাওয়ারটেক।
রোববার সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিষয়টি সুপ্রভাত বাংলাদেশকে নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম।
বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়, সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হবে। নতুন অপারেটর নিয়োগের কার্যক্রম চলমান থাকায় প্রতিষ্ঠানটির মাধ্যমে আরও তিন সপ্তাহ টার্মিনালের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালের ১৭ অক্টোবর সম্পাদিত চুক্তির ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলে চুক্তির মেয়াদ শেষ হলেও আগামী তিন সপ্তাহ সিসিটির কার্যক্রম পরিচালনা করবে সাইফ পাওয়ারটেক। এ সময়ের মধ্যে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না হলে পরবর্তী সিদ্ধান্তের বিষয়টি সামনে আসবে।
এনসিটির পর সিসিটিও ছাড়তে হচ্ছে
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত সাইফ পাওয়ারটেক একসময় বন্দরের দুটি গুরুত্বপূর্ণ টার্মিনাল—সিসিটি ও এনসিটি পরিচালনা করত। তবে ২০২৫ সালে এনসিটির দায়িত্ব ছাড়ার পর প্রতিষ্ঠানটির হাতে সিসিটির পরিচালনাই অবশিষ্ট ছিল। এবার সেই টার্মিনালের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বন্দরের প্রধান কনটেইনার টার্মিনালগুলোর পরিচালনায় সাইফ পাওয়ারটেকের দীর্ঘদিনের সম্পৃক্ততার অবসান ঘটতে যাচ্ছে।
২০০৭ সালের ১৬ মে এনসিটিতে আংশিকভাবে কার্যক্রম শুরু করে সাইফ পাওয়ারটেক। পরে ২০১৫ সাল থেকে টার্মিনালটির পূর্ণাঙ্গ পরিচালনার দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি।
দীর্ঘদিন পরিচালনার পর ২০২৫ সালের ৬ জুলাই মধ্যরাতে এনসিটির দায়িত্ব ছেড়ে দেয় তারা। পরদিন থেকে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাইডক লিমিটেড টার্মিনালটির কার্যক্রম পরিচালনা শুরু করে।
পরবর্তী সময়ে এনসিটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফলে এনসিটি থেকে সরে যাওয়ার পর বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোর মধ্যে সিসিটির দায়িত্বই ছিল সাইফ পাওয়ারটেকের হাতে।
এবার সিসিটির চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেই দায়িত্বও ছাড়তে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলমান থাকায় তিন সপ্তাহের জন্য কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পেলেও দীর্ঘদিন ধরে বন্দরের টার্মিনাল পরিচালনায় যুক্ত প্রতিষ্ঠানটির সামনে বড় পরিবর্তন আসছে।
সিসিটিতে যেভাবে শুরু সাইফ পাওয়ারটেকের
চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের কার্যক্রম শুরু হয় ২০০৫ সালে। প্রথম দিকে সিসিটিতে স্থাপিত চারটি শিপ-টু-শোর (এসটিএস) গ্যান্ট্রি ক্রেনের মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি।
২০০৬ সালের ৫ আগস্ট থেকে ক্রেন পরিচালনার কাজ শুরু করে তারা। পরবর্তী সময়ে ২০০৭ সালের ৭ মার্চ থেকে সিসিটির সমন্বিত পরিচালনার দায়িত্ব পায় সাইফ পাওয়ারটেক। এরপর বিভিন্ন সময়ে চুক্তির মাধ্যমে টার্মিনালটির পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখে প্রতিষ্ঠানটি।
প্রায় দুই দশক ধরে সিসিটির পরিচালনার সঙ্গে যুক্ত থাকার পর এবার টার্মিনালটির দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় যেতে হচ্ছে তাদের।
বন্দরের টার্মিনাল এখন যাদের হাতে
বর্তমানে চট্টগ্রাম বন্দরের প্রধান কনটেইনার টার্মিনালগুলোর পরিচালনায় একাধিক প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।
সিসিটি পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এনসিটির দায়িত্বে রয়েছে চিটাগাং ড্রাইডক লিমিটেড।
অন্যদিকে, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনা করছে সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)। ২০২৪ সালের জুন থেকে ২২ বছর মেয়াদি চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি পিসিটির কার্যক্রম পরিচালনা করছে।
এ ছাড়া জেনারেল কার্গো বার্থ (জিসিবি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করছে।
