‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে তাঁকে নিয়ে মিথ্যা ন্যারেটিভ তৈরির অভিযোগ তুলে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হয়েছি’—এমন মিথ্যা ন্যারেটিভ তিনি ছিঁড়েছেন, কোনো পত্রিকা নয়।
নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য সামনে আনার পর পাল্টা ন্যারেটিভ হিসেবে ‘আমার দেশ’ পত্রিকায় তাঁকে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যুক্ত করে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তাঁকে জেল খাটতে হয়েছে। তাঁর কোনো বক্তব্য অপছন্দ হলে রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীরা রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন। সেই সমালোচনাকে তিনি সাধুবাদ জানাবেন। তবে ‘আমার দেশ’ পত্রিকা তাঁকে ‘নব্য বিএনপি’ বলতে পারে না। এ ধরনের মন্তব্য করার অধিকার পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানেরও নেই।
রাশেদ খাঁন আরও বলেন, জামায়াত কিংবা দলটির নেতা মিয়া গোলাম পরওয়ার সরাসরি এমন অভিযোগ করলে তিনি রাজনৈতিক ভাষায় তার জবাব দিতেন। কিন্তু জামায়াত ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে। এ কারণে একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন এবং মিথ্যা ও অপবাদ ছিঁড়ে ফেলেছেন।
তিনি বলেন, ‘আমার দেশ’ কোনো পত্রিকা নয় যে তিনি সেটি ছেঁড়ার মতো ভুল করবেন। তাঁর দাবি, পত্রিকাটি জামায়াতের পক্ষে ন্যারেটিভ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্র হননের সুযোগ নেই।
‘আমার দেশ’ পত্রিকার সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, পত্রিকাটি সাংবাদিকতার নীতিমালা ও সম্পাদকীয় নীতির কোনোটিই অনুসরণ করে না।
