৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে লড়বে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি দীর্ঘ বিশ্লেষণের পর সর্বসম্মতভাবে সিনেমাটিকে মনোনীত করেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে অস্কারে বাংলাদেশের সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করা হয়। কমিটির চেয়ারম্যান ও বিএফএফএস সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম এ ঘোষণা দেন।
৯৯তম অস্কারে অংশ নিতে নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে পাঁচটি সিনেমা জমা পড়েছিল।
সেগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।
পরে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। এরপর বাকি চারটি সিনেমার মধ্য থেকে বিভিন্ন দিক বিবেচনায় ‘রইদ’কে নির্বাচিত করে অস্কার বাংলাদেশ কমিটি।
ড. মোহাম্মদ জহিরুল ইসলাম কচির নেতৃত্বে ছয় সদস্যের কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ এবার অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে
