বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। একই সময়ে জেলা ছাত্রদলসহ সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও কর্মসূচির ঘোষণা রয়েছে। উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা থাকায় যে কোনো সময় উত্তেজনা, সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জারি করা আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকার পৌরসভা মাঠ, তিনকোনা পুকুরপাড়, শায়েস্তানগর, সিনেমা হল সড়ক, চৌধুরী বাজার, টাউন হল রোড, কোর্ট স্টেশন এলাকা এবং ডিসি অফিস সংলগ্ন এলাকাসহ সংশ্লিষ্ট স্থানে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ কিংবা জনসমাগম করা যাবে না। একই সঙ্গে ইট-পাটকেল, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র বা আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনো বস্তু বহনও নিষিদ্ধ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গতকাল এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার জেরে দলটি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে হবিগঞ্জ পৌরসভা মাঠে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। অপরদিকে একই সময়ে ছাত্রদল ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেছে।
