ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় আলোচনা সভা ও কর্মী সম্মেলনের আয়োজন করেছে বিএনপির দেশটির শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। ৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের জাইকা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রদেশ থেকে আসা ২২ জন নেতা বক্তব্য দেন।
দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম. জামান সজলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সদস্যসচিব হারুন অর রশিদ হিরন অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভায় নেতাকর্মীরা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব, দলের রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক ঐক্য এবং প্রবাসে বিএনপির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব দেশপ্রেমিক শক্তির মধ্যে ন্যূনতম ঐক্য গড়ে তোলা জরুরি।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে ৭ নভেম্বরের চেতনার মিল তুলে ধরে তিনি বলেন, ‘মানুষের ভেতরে ভেতরে যে ক্ষোভ জমে উঠেছিল, তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনাও ছিল ৭ নভেম্বরের চেতনা। অর্থাৎ আধিপত্যবাদী শক্তি এবং তাদের এ দেশীয় অনুচররা যতই চেষ্টা করুক, ১৮ কোটি মানুষের এই দেশকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশকে কখনও আধিপত্যবাদের থাবার মধ্যে নিয়ে আসা যাবে না।’
৭ নভেম্বরের গুরুত্ব ব্যাখ্যা করে রিজভী বলেন, ‘৭ নভেম্বর শুধু বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হওয়ার দিন নয়, গণতান্ত্রিক অধিকারগুলো নিশ্চিত হওয়ারও দিন। তবে এর তাৎপর্য শুধু এটুকুতেই সীমাবদ্ধ নয়। ৭ নভেম্বর বিদেশি প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ নীতি প্রণয়ন এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সূচনা করেছিল।’
দীর্ঘদিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বাধার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের কারণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। ১৯৭৬ সাল থেকেই দিবসটি সরকারিভাবে পালিত হয়ে আসছিল। কিন্তু শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর এটি সরকারিভাবে পালন করতে দেওয়া হয়নি। তবে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভিন্ন সংগঠন দিবসটি পালন করেছে। ফলে ৭ নভেম্বরের তাৎপর্য ও অন্তর্নিহিত চেতনা কখনও মুছে যায়নি।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে রিজভী বলেন, তিনি একটি দক্ষ ও চৌকস সেনাবাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন। সেনাবাহিনীকে রাজনীতিকরণের পক্ষে ছিলেন না তিনি। রিজভীর ভাষ্য, আজকের আধুনিক সেনাবাহিনী জিয়াউর রহমানের অবদান।
বিএনপির বর্তমান নেতৃত্বের প্রশংসা করে রুহুল কবির রিজভী বলেন, শত আক্রমণ ও হুমকির মধ্যেও তারেক রহমান দেশের হাল ধরে প্রতিকূল পরিস্থিতিতে দলকে সঠিক পথে এগিয়ে নিচ্ছেন। তাঁর মতে, ৭ নভেম্বর এমন একটি কম্পাস, যা বিপদের সময়ও সঠিক পথ দেখায়।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।
আনোয়ার হোসেন খোকন বলেন, দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ধারক-বাহক। তাঁর মতে, জিয়া পরিবারের রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের ধারাবাহিকতায় বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ। দলের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রবাসে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার আহ্বান জানিয়ে আনোয়ার হোসেন খোকন বলেন, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় দলের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করা, পারস্পরিক মতপার্থক্য দূর করা এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা ও কর্মী সম্মেলনের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং দলীয় আদর্শের প্রতি অঙ্গীকার আরও দৃঢ় করার প্রত্যাশা জানানো হয়।
