চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক ভিসিকে পুনর্বহালের দাবিতে সৃষ্ট অচলাবস্থার ৩৬ দিন পর ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। গত বুধবার বিভিন্ন বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়। তবে চুয়েট শিক্ষক সমিতি সাবেক ভিসি পুনর্বহাল দাবিতে অটল থাকা এবং একই সঙ্গে নিয়মিত ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্তে বলা হয়, ‘সাবেক ভিসি পুনর্বহাল দাবিতে পূব ঘোষিত কর্মসূচি (একাডেমিক কার্যক্রম ব্যতিরেকে) চলমান থাকবে।
যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী গোলাম মুর্শেদ রাতুল বলেন, আমাদের দাবি একটাই- অধ্যাপক সায়েম স্যারকে পুনর্বহাল। এ দাবিতে আমরা অনড় আছি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে আন্দোলন করছেন।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন ও অসহযোগ কর্মসূচি পালন করে আসছেন চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সংকট নিরসনে ইউজিসির গঠিত ছয় সদস্যের পরামর্শক কমিটি গতকাল সকল অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন।
