মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন শিক্ষকদের উদ্দেশে বলেছেন, ‘শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রী অনেক চিন্তা ভাবনা করছেন। শিক্ষকরা শুধু সরকারিকরণ বা এমপিওভুক্ত ও জাতীয়করণ চান। কিন্তু সরকার শিক্ষকদের জন্য আরও ভালোভাবে সম্মানিত করতে চায়। সেজন্য আমরা চাই, আপনারা হবেন শহরে, গ্রামে, ইউনিয়নে, ওয়ার্ডে সবচেয়ে দায়িত্বশীল মানুষ। আমরা যদি আপনাদের সম্মানিত না করি, তাহলে জাতি সত্যিকার অর্থে সম্মানিত হবে না।’
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাকশিস) ময়মনসিংহ জেলা শাখার সংবর্ধনা ও ত্রি-বার্ষিক সম্মেলনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘শিক্ষকদের সম্মানিত করা সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। এজন্য জাতি অত্যন্ত শ্রদ্ধার সাথে শিক্ষকদের অবদানকে মূল্যায়ন করতে চায়। কিন্তু শিক্ষকদের কাছে জাতির প্রত্যাশা অনেক। আপনাদের কাজে লাগানো আমাদের রাষ্ট্রের বড় দায়িত্ব। রাষ্ট্র বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি, শিক্ষকরা শুধু জাতির মেরুদণ্ড নয়, শিক্ষকরা আগামী বাংলাদেশের কারিগর।’
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘শিক্ষকদের প্রত্যেকটা দাবির সঙ্গে সরকার একমত, জাতীয়করণে শুধু শিক্ষকদের ভালো রাখার জন্য নয়, শিক্ষার্থীদের যত্নে রাখাসহ একজন শিক্ষার্থীকে দক্ষ মানুষ হিসেবে গড়ার লক্ষ্যে যে ধরনের সহযোগিতা দরকার, সার্বিকভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সরকার কাজ করছে।’
তিনি বলেন, বই হলো এমন মাধ্যম যা ইতিহাসকে ভুলিয়ে দেয় না বরং ইতিহাসকে ধারণ করে। তাই আমাদের শিক্ষার জন্য পাঠ্যপুস্তকের যে অবস্থা, এটি বিগত সরকার সুচিন্তিতভাবে বাংলাদেশের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কাজেই এমনভাবে পাঠ্যক্রম করতে হবে, আগামী এবং বর্তমান প্রজন্ম যেন বুঝতে পারে, একাত্তর কী ছিল। একাত্তরের আগে ৪৭, ৫২, ৬২, ৬৯ কী ছিল এবং ৭১, ৭৫, ৯০ ও ২৪ এইসব কিছু মিলিয়েই বাংলাদেশ। কাজেই কারও সাথে কারও’র তুলনা হয় না। আর এগুলোর মধ্যে সবচেয়ে গর্বের বিষয় হলো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ।
বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর টাউন হলেরে তারেক স্মৃতি অডিটরিয়ামে এই সংবর্ধনা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাকশিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও চেয়ারম্যান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, গফরগাঁও আসনের সংসদ সদস্য আক্তারুজ্জাজান বাচ্চু, ভালুকা আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ জেলার সিনিয়র নেতারা ও বিভিন্ন উপজেলা থেকে আগত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
