দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছে পাকিস্তানের জনপ্রিয় সংগীতদল ‘কাভিশ’। নানা জটিলতায় আগে স্থগিত হওয়া বহুল প্রতীক্ষিত কনসার্টটি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তা প্রকাশ করেছে আয়োজকরা। সেখানে তারা জানান, আগের কনসার্ট স্থগিত হওয়ার কারণে অনেক ভক্ত হতাশ ও কষ্ট পেয়েছিলেন। সেই অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তারা নতুন উদ্যমে ফিরে আসছেন।
আয়োজকদের ভাষ্য, ভক্তদের ধৈর্য, বিশ্বাস ও ভালোবাসাই তাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। আগের প্রতিশ্রুতি রক্ষা করতেই এবার আরও বড় পরিসরে বাংলাদেশে পারফর্ম করতে আসছে ‘কাভিশ’।
কনসার্টটির আয়োজন করছে ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশনস’। তবে সেপ্টেম্বরের ঠিক কোন তারিখে এবং কোথায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে গত ৫ ডিসেম্বর ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামে ‘কাভিশ’-এর কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভেন্যুর অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা। আয়োজকদের দাবি, ভেন্যু প্রস্তুতি, প্রয়োজনীয় কাগজপত্র, শিল্পীদের পারিশ্রমিকসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল।
তবে সে সময় দেশের পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট মহল অনুষ্ঠানটি পুনঃনির্ধারণের পরামর্শ দেয়। ফলে কনসার্টটি বাতিল না করে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সব জটিলতা কাটিয়ে অবশেষে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের দর্শকদের সামনে গান শোনাতে আসছে ‘কাভিশ’। আর এ ঘোষণায় উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ব্যান্ডটির অসংখ্য ভক্ত।
