বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয়বারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরের কালিয়াকৈরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় তাঁরা সড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের প্রায় সাত কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন তাঁরা। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা কর্মবিরতি শুরু করে আন্দোলনে নামেন।
এদিকে, সকালে শ্রমিকদের ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সচেতন করার লক্ষ্যে সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান একটি সভা করেন। সভা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা সড়কে নেমে অবরোধ করেছেন। তাঁদের শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। শিল্প পুলিশও সেখানে রয়েছে। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিতে তাঁদের পাশাপাশি মালিকপক্ষের সঙ্গেও আলোচনা চলছে।
