রাজধানীর যানজট নিরসন ও আধুনিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিতকরণের মেগা প্রকল্প ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ পিপিপি প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সেতু বিভাগ ও প্রকল্প দপ্তর। প্রকল্পের রুট অ্যালাইনমেন্টে বিদ্যমান বিভিন্ন সেবাদানকারী সংস্থার ইউটিলিটি স্থানান্তর এবং নির্মাণকাজের অন্যান্য প্রতিবন্ধকতা দ্রুত নিরসনের লক্ষ্যে মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে সেতু বিভাগের সম্মেলন কক্ষে এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধি, প্রকল্পের ইউটিলিটি অপসারণে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবি এবং প্রকল্প দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের কাজের গতি বাড়াতে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলামোটর থেকে কাঁটাবন পর্যন্ত ঢাকা ওয়াসার ১,২৪৫ মিটার পানি সঞ্চালন লাইন স্থানান্তরে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। বাংলামোটর থেকে পলাশী পর্যন্ত ডিপিডিসির বিদ্যুৎ লাইন স্থানান্তরের ক্ষেত্রে বারবার রাস্তা খনন পরিহার, সরকারি অর্থের অপচয় রোধ ও জনদুর্ভোগ কমাতে সমন্বিতভাবে কাজ শেষ করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া পান্থকুঞ্জ পার্কে অবস্থিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (STS) উচ্চতা কমানো এবং মালিবাগ থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত ড্রেনেজ উন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দ্রুত সংশোধিত নকশা সরবরাহের জন্য বলা হয়েছে।

প্রকল্পের কাজ নির্বিঘ্ন করতে সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় ও অবৈধ দখল উচ্ছেদের সিদ্ধান্তও গৃহীত হয়েছে সভায়। নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত বিটিসিএলের টেলিযোগাযোগ লাইন অপসারণে যৌথ পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি কমলাপুর আইসিডি সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের জমিতে অবস্থিত অননুমোদিত ট্রাক স্ট্যান্ডটির কারণে কমলাপুর আপ-র‍্যাম্পের নির্মাণকাজ থমকে থাকায়, তা দ্রুত অপসারণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে টিটিপাড়া থেকে কুতুবখালী পর্যন্ত সকল ইউটিলিটি সংস্থার লাইন সরেজমিন যাচাই করে যৌথ প্রাক্কলন প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর বহু প্রতীক্ষিত একটি মেগা প্রকল্প। সর্বনিম্ন জনভোগান্তি রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে সব ধরনের প্রতিবন্ধকতা জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। সরকারি সম্পদের সঠিক ব্যবহার, জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি প্রতিটি সংস্থাকে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version