যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণকারী সংস্থা ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল বুধবার এ নিষেধাজ্ঞা দিয়েছে তারা।
‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ হলো ইরানের তৈরি একটি সংস্থা, যা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেয়।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই প্রণালি দিয়ে হয়। তাই গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর ইরানের নিয়ন্ত্রণ থাকায় বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বলেছে, কেউ যদি হরমুজ প্রণালি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে তাহলে ধরে নেওয়া হবে যে তারা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডকে সহযোগিতা করছে। সে ক্ষেত্রে তাদের ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বলেন, ‘সম্প্রতি বৈশ্বিক সমুদ্রপথে বাণিজ্যের ক্ষেত্রে ইরানের জোর করে মাশুল আদায়ের চেষ্টার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, “ইকোনমিক ফিউরি” অভিযানের কারণে দেশটির সরকার এখন টাকার জন্য মরিয়া হয়ে পড়েছে।’
গত সপ্তাহে ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ একটি মানচিত্র প্রকাশ করেছে। সেখানে আবারও হরমুজ প্রণালির দুই পাশে বিস্তৃত জলসীমার ওপর ইরানের মালিকানা দেখানো হয়েছে।
