জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে তথ্য-প্রমাণ প্রকাশ, অন্যথায় বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে দলটি।
রবিবার (১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকার এবং সেগুলোর মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। দায়িত্বশীল পদে থেকে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই জাতীয় পর্যায়ের একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কিছুদিন আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকও একই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছিলেন। তখন জামায়াত এর প্রতিবাদ জানিয়ে চ্যালেঞ্জ করেছিল—এ ধরনের অভিযোগের কোনো তথ্য-প্রমাণ থাকলে তা জনসমক্ষে উপস্থাপন করতে হবে। কিন্তু আজ পর্যন্ত তাঁরা কোনো প্রমাণ দিতে পারেননি। এখন প্রতিমন্ত্রীও একই ধরনের ভিত্তিহীন বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছেন। জাতি তাঁদের কথা বিশ্বাস করে না।
তিনি বলেন, মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকা তো দূরের কথা, তাঁর নামে একটি রিকশাও নেই। দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এ ধরনের মনগড়া বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তথ্য-প্রমাণহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের উদ্দেশে বলা হয়, তাঁদের বক্তব্যের স্বপক্ষে সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ থাকলে তা অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে। অন্যথায় এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে দুঃখ প্রকাশ করতে হবে।
