বলিউড তারকা শাহরুখ খানের জন্মদিন মানেই অনুরাগীদের কাছে বিশেষ উৎসব। প্রতি বছর ২ নভেম্বর প্রিয় অভিনেতাকে একনজর দেখতে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাড়ি ‘মান্নাত’-এর সামনে জড়ো হন হাজারো ভক্ত। তবে এবার সেই চেনা আয়োজন থাকছে না। ৬১তম জন্মদিনে অনুরাগীদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ ও আড্ডার অনুষ্ঠানে অংশ নেবেন না তিনি।
এর প্রধান কারণ শাহরুখের আগামী সিনেমা ‘কিং’-এর শুটিং। ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকায় জন্মদিনে ভক্তদের জন্য সময় বের করতে পারছেন না এই অভিনেতা। তবে তাঁদের জন্য বিকল্প কোনো আয়োজন করা সম্ভব কি না, সে বিষয়ে ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে।
শাহরুখের জন্মদিনে তাঁকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস বরাবরই চোখে পড়ার মতো। ভারতের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশ থেকে অনেক ভক্ত এই দিনে মুম্বাইয়ে আসেন। প্রিয় তারকাকে একবার দেখার আশায় মান্নাতের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করেন তাঁরা। ভক্তদের এই ভালোবাসার কথা বিবেচনায় নিয়ে প্রতিবছর জন্মদিনে তাঁদের সঙ্গে দেখা করার বিশেষ ব্যবস্থা রাখেন শাহরুখ।
তবে এবার পরিস্থিতি ভিন্ন। শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ফ্যান ক্লাবগুলোকে জানানো হয়েছে, ‘কিং’ সিনেমার কাজ শেষ পর্যায়ে থাকায় আগামী ২ নভেম্বর নির্ধারিত অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। বেশি সংখ্যক ভক্তের উপস্থিতি নিশ্চিত করতে বড় কোনো স্থানে আয়োজন করার পরিকল্পনাও করা হয়েছিল।
ভক্তদের হতাশার বিষয়টি বিবেচনায় নিয়ে শাহরুখের দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তাঁদের আশাবাদী হওয়ার কথাও জানানো হয়েছে। সিনেমাটি মুক্তির আগে আরও বড় পরিসরে অনুরাগীদের সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করা যায় কি না, তা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। তবে বিকল্প কোনো আয়োজনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
