পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের সংযোজন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ডেসকো ও পিএসসির মধ্যে এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

পিএসসি সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পিএসসি সচিবালয়ের উপসচিব (প্রশাসন) মো. ওয়াসিমুল বারী এবং ডেসকোর কোম্পানি সচিব প্রকৌশলী এস এম শাহসুলতান।

চুক্তির বিস্তারিত তুলে ধরে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ এনডিসি জানান, আগামী ২০২৭ সালের গ্রীষ্মকালীন বিদ্যুতের সম্ভাব্য ঘাটতি কাটিয়ে উঠতে রুফটপ সোলার (ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ) ব্যবহারের মাধ্যমে আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় গ্রিডে ৩,০০০ থেকে ৪,০০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ যুক্ত করার বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী সকল সরকারি ভবনের ছাদ ব্যবহারে উৎসাহ দিতে প্রণোদনাও ঘোষণা করা হয়েছে।

নতুন এই প্রণোদনা কাঠামোর আওতায় ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্থাপিত ছাদভিত্তিক সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ গ্রাহকের নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত অবশিষ্ট অংশ প্রতি ইউনিট ১০.৫০ টাকা দরে সরকার কিনে নেবে। ডেসকো প্রধান আরও জানান, আজকের চুক্তির মাধ্যমে পিএসসি ভবনের ১৪ হাজার ২৮৪ বর্গফুট খালি ছাদে সৌর প্যানেল বসানো হবে, যা থেকে প্রতি মাসে গড়ে ১০ হাজার ৮০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, “সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু হলে কমিশন ভবনের নিজস্ব বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পরিবেশবান্ধব উপায়ে পূরণ করা সম্ভব হবে। এটি যেমন প্রথাগত বিদ্যুৎ বিল ও ব্যয় সাশ্রয় করবে, তেমনি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে।”

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে পিএসসির সচিব মো. ফজলুর রহমান, কমিশনের সদস্যবৃন্দ, যুগ্মসচিব ও উপসচিবগণ এবং ডেসকোর নির্বাহী পরিচালকসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version