রাত ২:৩৬,  ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর চারদিনের ভারত সফর শুরু হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে। সেখানে তিনি মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটির সদরদপ্তর পরিদর্শনের পাশাপাশি প্রার্থনায় অংশ নেন।

রুবিও একজন ধর্মপ্রাণ ক্যাথলিক খ্রিস্টান। ভারতে খ্রিস্টানদের ওপর অত্যাচার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক গোষ্ঠী ও রাজনৈতিক মহলে এক ধরনের উদ্বেগ আছে। এমন প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের শুরুতেই কলকাতাকে বেছে নেওয়া ও মিশনারিজ অব চ্যারিটি পরিদর্শন বেশ ইঙ্গিতপূর্ণ ও প্রতীকী।

বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় বসার পর থেকে ভারতজুড়ে গির্জা ভাঙচুরসহ সংখ্যালঘু খ্রিষ্টানদের ওপর হামলার ঘটনা বেড়েছে। তবে ভারত সরকার এই দাবিগুলোকে অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করে আসছে।

শনিবার কলকাতা সফরের সময় রুবিওর সঙ্গে ছিলেন স্ত্রী জিনেট ও স্থানীয় নান বা সন্ন্যাসীরা। সফর শেষে মিশনারিজ অব চ্যারিটির সিস্টার ম্যারি জুয়ান সাংবাদিকদের বলেন, ‘রুবিও গৃহহীন, মুমূর্ষু ও কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার বিষয়ে কথা বলেছেন।’

কলকাতা সফর শেষে রুবিও একইদিন নয়াদিল্লিতে যান। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। আগামী মঙ্গলবার ভারত ছাড়ার আগে, রুবিও অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত ‘কোয়াড’ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকে অংশ নেবেন।

Share.
Leave A Reply

Exit mobile version