জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‌‘এটা কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে? মাত্র ৮-৯ মাস হলো একটি সরকারের বয়স, অপপ্রচারের মাধ্যমে নানা কথা আপনারা বলার চেষ্টা করছেন। বিপ্লব আপনারা কবে করেছেন? কোন বিপ্লবে আপনারা ছিলেন? আপনাদের রাজনীতির ইতিহাস কোনও বিপ্লবের নয়, বরং স্বৈরশক্তির কাছে আত্মসমর্পণ এবং নতজানু হওয়ার ইতিহাস।’

সোমবার (২ নভেম্বর) বেলা আড়াইটায় নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী। 

পরিকল্পিতভাবে কেউ কেউ দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘একদিকে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে নানা ধরনের উসকানি দিচ্ছে; পাশাপাশি দেশের ভেতরে কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।’

পোশাকশ্রমিকদের আন্দোলনের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উসকানি রয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘শ্রমিক বিক্ষোভে পরাজিত শক্তির ইন্ধন আছে। তারা যে দেশকে অস্থিতিশীল করে, শ্রমিকদের মিথ্যা কথা বলে রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত হয়েছে, সেটা জনগণের কাছে স্পষ্ট হয়েছে।’

জামায়াতের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘সবাই বলে আপনারা গুপ্ত। কীভাবে গুপ্ত ছিলেন? ছাত্রলীগের মধ্যে আপনারা মিশে ছিলেন, যুবলীগের মধ্যে মিশে ছিলেন। এই কারণে আপনাদের গুপ্ত বলে। কিন্তু বিএনপি প্রকাশ্যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। একটি নীতি ও আদর্শের জন্য লড়াই করেছে ১৭ বছর।’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুহুল কবির রিজভী জানান, যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। তাই জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জনপ্রিয় নেতাদের নির্বাচন করে সমর্থন দেবে। এ বিষয়ে জেলা পর্যায়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম (ডোনার), কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সংসদ সদস্য এম এ মালিক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version