বলিউডে একের পর এক জনপ্রিয় অ্যাকশন ও গ্যাংস্টারধর্মী সিনেমা নির্মাণ করে পরিচিতি পাওয়া পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্ত আর নেই। মুম্বাইয়ে নিজের বাসভবনে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার রাতে বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এই নির্মাতা। তবে রাতের ঘটনা পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। পরদিন সকালে তার মৃত্যুর বিষয়টি সামনে আসে। খবর পেয়ে ভারসোভা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপমৃত্যুর মামলা নথিভুক্ত করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সঞ্জয় গুপ্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা মিলাপ জাভেরি। তার আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন বলিউডের আরেক নির্মাতা অশোক পণ্ডিতও। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় তিনি সঞ্জয়কে প্রাণবন্ত ব্যক্তিত্ব ও নিবেদিতপ্রাণ চলচ্চিত্র নির্মাতা হিসেবে স্মরণ করেছেন।

১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে সঞ্জয় গুপ্তের। তবে ২০০২ সালে মুক্তি পাওয়া ‘কাঁটে’ সিনেমা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি ও লাকি আলীর মতো তারকাদের নিয়ে নির্মিত সিনেমাটি বলিউডে তার অবস্থান শক্ত করে।

পরবর্তী সময়ে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘জাজবা’, ‘কাবিল’ ও ‘মুম্বাই সাগা’র মতো সিনেমা নির্মাণ করেন তিনি। বিশেষ করে অপরাধজগত, গ্যাংস্টার ও অ্যাকশননির্ভর গল্প বলার স্বতন্ত্র ধরন তাকে আলাদা পরিচিতি দিয়েছিল।

তবে তার ক্যারিয়ার সব সময় মসৃণ ছিল না। অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্কের অবনতির পর দীর্ঘদিন কাজের সুযোগ পাননি তিনি। একসময় হতাশ হয়ে চলচ্চিত্র নির্মাণ ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। এমনকি জীবিকার প্রয়োজনে খান্ডালার একটি হোটেলে চাকরি শুরু করেছিলেন। পরে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ দিয়ে আবারও পরিচালনায় ফিরে আসেন। তার আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের আবহ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version