গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকামুখী যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও লোকাল বাসের ত্রিমুখী সংঘর্ষে সড়কের পাশে থাকা এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম শহিদুল ইসলাম। তিনি কাশিয়ানী উপজেলার উত্তর চরভাটপাড়া গ্রামের বাসিন্দা ও আমিন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী ইমাদ পরিবহণের একটি বাস ভাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গোলকূপগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে থাকা দোলা পরিবহণ ও গোপালগঞ্জের একটি লোকাল বাসে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক শহিদুল ইসলাম পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ছাড়া কাভার্ড ভ্যানচালকসহ উভয় যানের অন্তত ১০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর রহমান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
