বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্বাভাবিক নিয়মে হওয়ার পক্ষে সরকার। শীর্ষ পর্যায় থেকে সে রকম বার্তা দেওয়া হয়েছে বর্তমান অ্যাডহক কমিটিকে। সরকারের এই মনোভাব আগে থেকে বুঝতে পারলে অনেক হেভিওয়েট প্রার্থী লড়াই করতেন ভোটের মাঠে। এর পরও বিসিবির নির্বাচনে ক্লাব ক্যাটেগরিতে লড়াই জমে উঠেছে। গতকাল শনিবার নির্বাচন কমিশন থেকে প্রকাশিত তালিকায় ক্লাব ক্যাটেগরিতে মনোনয়ন বৈধতা পেয়েছে ১৮ জনের। এই ক্যাটেগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।
ক্লাব ক্যাটেগরিতে তামিম ইকবাল সমর্থিত (অঘোষিত) প্যানেলে থাকছেন মোহামেডানের মাসুদুজ্জামান, আবাহনীর ফাহিম সিনহা, ইন্দ্রিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম বাবু, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রাব্বানী, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, আজাদ স্পোর্টিংয়ের মীর্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার্স ক্লাবের শানিয়ান তানিম, ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের সাঈদ ইব্রাহিম আহমেদ ও পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সাকিফ আহমেদ সালাম।
এ ছাড়া নির্বাচন করছেন সাবেক পরিচালক ট্রাই স্টেট ক্রিকেটার্সের আমজাদ হোসেন, কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবের ইমরোজ আহমেদ, তেজগাঁও ক্রিকেট একাডেমির সৈয়দ বোরহানুল হোসেন, ওল্ড ঢাকা ক্রিকেটার্সের হারুন উর রশিদ, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল ও উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান। ক্যাটেগরি-১ এ ঢাকা বিভাগ থেকে দুজন পরিচালক অটো পাস। এই বিভাগে তিনজন মনোনয়নপত্র জমা দিলেও জসিমউদ্দিন খসরুর মনোনয়ন বাতিল হয়েছে। ফলে বাকি দুজন সাঈদ বিন জামান, এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। বরিশাল বিভাগের মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরীর মনোনয়ন বৈধ হওয়ায় ভোট হতে পারে। এ ছাড়া খুলনা ও চট্টগ্রামে তিনজন করে প্রার্থী থাকায় ভোট হবে।
