রাত ১০:৩১,  ২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর পল্লবীর কালশী এলাকার বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার নাজমুল হাসান মনি (২৫) নামের এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম।

পুলিশের আবেদনে বলা হয়, গ্রেপ্তার আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত আছেন মর্মে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

এর আগে গতকাল সোমবার বিকেলে পল্লবীর কালশী বস্তির এক দোকানের সামনে স্থানীয় যুবক নাজমুল হাসানের ঝগড়া হয়। নাজমুল অগ্নিকাণ্ডের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ বাসিন্দাদের। এরপর সন্ধ্যায় বস্তিতে অগ্নিকাণ্ড ঘটলে স্থানীয় বাসিন্দারা তাঁকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version