রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ৬টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় আহত বা হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘লাব্বাইক পরিবহনের বাসটিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। বাসটিতে যাত্রী ছিল, কিন্তু আমরা যখন কাজ শুরু করেছি তখন কেউ ছিল না।’
এক বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ বলেছে, ‘অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্টেশনটি চালু করে যাত্রীসেবা কার্যক্রম শুরু করা হবে।’
