সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষকে ভুলিয়ে কিংবা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার জন্য বিএনপি রাজনীতি করে না। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং শ্রেণি-ধর্ম নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোই দলটির রাজনীতির মূল লক্ষ্য।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন এবং তাদের পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শনও একই লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হচ্ছে। সেই চিন্তা থেকেই এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, সামগ্রিকভাবে এ অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার মানুষকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। দিনাজপুর জেলা শহর থেকেও এ অঞ্চলের দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। এ অবস্থায় এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা জরুরি।

মন্ত্রী আরও বলেন, তরুণদের জাগিয়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতন করাই চাকরি মেলার অন্যতম উদ্দেশ্য। এ আয়োজন তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং কার্যকরভাবে এ ধরনের আয়োজন করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, দিনাজপুর-৬ আসনের পাশাপাশি পুরো দিনাজপুর জেলাকে দেশের সামনে আরও সম্ভাবনাময় ও সক্ষম অঞ্চল হিসেবে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

চাকরি মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে ২৪ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন। মেলা বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version