রাত ৪:৩৫,  ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। পবিত্র ঈদুল আজহার দিন আজ বৃহস্পতিবার বিকেলে এই চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, ঈদের দিন জাতীয় চিড়িয়াখানা অনেকটাই ফাঁকা। এরপরও যাঁরা চিড়িয়াখানায় এসেছেন, একবারের জন্য হলেও ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ‘এল-০৭’ খাঁচার সামনে আসছেন। ফলে জাতীয় চিড়িয়াখানার অন্যান্য খাঁচার সামনে দর্শনার্থী কম থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সামনে ভিড় লেগেই থাকছে।

খাঁচার সামনে এই মহিষের একটি পরিচয়ও ঝুলিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাতে লেখা, ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’। সেখানে ইংরেজিতে ‘অ্যালবিনো বাফেলো’ও লেখা আছে।

বাবা, মা ও বোনের সঙ্গে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে দেখছিলেন শিক্ষার্থী আজমিরা আক্তার। রূপনগর থেকে আসা আজমিরা প্রথম আলোকে বলেন, খবরে জেনেছেন ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানায় আনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্যই তাঁরা এসেছেন। আজমিরা বলেন, ‘মোবাইলে যেমন দেখেছি, বাস্তবেও মহিষটি তেমন। ট্রাম্পের মতো লাগে তো।’

রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকা থেকে স্ত্রী, ছেলে ও ভাগনেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি দেখছিলেন মেহেদী হাসান। তিনি বলেন, ঈদ উপলক্ষে তাঁরা চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন। তাঁরা আগে থেকেই জানেন ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটিকে চিড়িয়াখানায় আনা হয়েছে। চিড়িয়াখানায় প্রবেশ করার পর মানুষের কাছে জিজ্ঞেস করে করে ডোনাল্ড ট্রাম্পকে বের করেছেন। তিনিও মনে করেন, ট্রাম্পের সঙ্গে অ্যালবিনো মহিষটির কিছুটা মিল আছে।

অ্যালবিনো মহিষটির খাঁচার সামনে একদল ট্যুরিস্ট পুলিশ সদস্যকেও পাওয়া গেল। সেখানে ছিলেন ঢাকা অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক। তিনি প্রথম আলোকে বলেন, ডোনাল্ড ট্রাম্প নামের মহিষের খাঁচার সামনে দর্শনার্থী যেহেতু বেশি, তাঁদের নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ডোনাল্ড ট্রাম্পকে গতকাল রাত ১১টার সময় আনা হয়েছে। আজ সকাল থেকে মহিষটির খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়। এটা একটা নতুন প্রাণী, এ কারণে ভিড়।

যখন গাড়ি থেকে নামানো হয়, তখন দেখা যায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ গায়ে সম্ভবত আঁচড় লেগেছে উল্লেখ করে কিউরেটর বলেন, সেই আঁচড় খুব ছোট। সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। ঠিক হয়ে যাবে।

মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন–পালন করা হচ্ছিল। জিয়া উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে তাঁর ভাই এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে।

চিড়িয়াখানায় যাওয়া দর্শনার্থীরা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’–এর খাঁচার সামনে ঢুঁ মারছেন। আজ বৃহস্পতিবার জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা ছবি: শুভ্র কান্তি দাশ
Share.
Leave A Reply

Exit mobile version