২০২৬-২৭ মৌসুমে স্প্যানিশ লা লিগায় প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে হ্যান্সি ফ্লিকের দল। রিয়ালের হয়ে জোড়া গোল করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

রবিবার (২৫ অক্টোবর) রাতে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বার্সেলোনাকে চাপে রাখে রিয়াল। এর ফল আসে ৪১ মিনিটে। রিয়ালের ফরোয়ার্ডের বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড মার্টিনের গায়ে লেগে বলটি এমবাপ্পের কাছে চলে যায়। সেখান থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।

প্রথমার্ধে বার্সেলোনার হয়ে দুটি সহজ সুযোগ নষ্ট করেন রাফিনহা ও লামিন ইয়ামাল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ায় কাতালানরা। ৬১ মিনিটে পেদ্রির দারুণ পাস থেকে জুড বেলিংহ্যামের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে সমতা ফেরান ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।

এরপর একাধিক আক্রমণ তৈরি করেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দেন এমবাপ্পে। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বদলি খেলোয়াড় এদুয়ার্দো কামাভিঙ্গার মাধ্যমে বল পৌঁছে যায় এমবাপ্পের কাছে। সুযোগটি কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন তিনি।

এ জয়ে লা লিগায় নিজেদের অবস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, চলতি মৌসুমে লিগে টানা নয় ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের মুখ দেখল বার্সেলোনা।

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version